চবিতে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ

চবিতে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ

views February 2, 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌথ আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার-এর প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ চবি শিক্ষার্থী ফরহাদ হোসেনের বড় ভাই গোলাম কিবরিয়া এবং আহত শিক্ষার্থী শুভ হোসেন।

এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. সোহাকুল ইসলাম-এর নেতৃত্বে একদল জুলাই যোদ্ধা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গণভোট বিষয়ে জাতীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব শিক্ষার্থীদের গণতান্ত্রিক সচেতনতা ও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়টির অগ্রণী ভূমিকার প্রতিফলন ঘটায়।

সভায় বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে শিক্ষিত সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহকে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের উপস্থিতি ও অংশগ্রহণ ভবিষ্যতে গণভোট বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা জাগিয়েছে।

প্রতিবেদকঃ
মো. রোকন উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।

Notice