ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ২৬১ ব্যাচের সকল বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
views
January 28, 2026
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ২৬১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রতিটি বিভাগ পৃথকভাবে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক কার্যক্রম ও শৃঙ্খলাবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রার অধ্যাপক এ. এস. এম. শফিকুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
২৬১ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), আইন, ব্যবসায় প্রশাসন (বিবিএ), ইংরেজি এবং সমাজবিজ্ঞান বিভাগে আলাদাভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, পরীক্ষাব্যবস্থা, কো-কারিকুলার কার্যক্রম এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে নবাগত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও একাডেমিক কাঠামো সম্পর্কে ধারণা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সফলভাবে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ২৬১ ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হলো।


