ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ভলান্টিয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভলান্টিয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অন্যতম ট্রাস্টি প্রফেসর ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল।

প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল তাঁর বক্তব্যে বলেন, “ভলান্টিয়াররাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণ। তাদের উচ্চতর মানসিকতা, নিষ্ঠা ও ত্যাগ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি উন্নয়নধারায় শক্তিশালী ভূমিকা রাখছে। আগামী দিনের উদ্ভাবন, নেতৃত্ব ও পরিবর্তনের সাথেই যুক্ত থাকবে এ সকল ভলান্টিয়ারদের সক্রিয় অংশগ্রহণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,
“স্বেচ্ছাসেবীরা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার মূল শক্তি। তারা কোনো প্রতিদান ছাড়াই নিষ্ঠা, দায়বদ্ধতা ও মানবিকতা নিয়ে কাজ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানকে সফল করে তোলে। তাদের এই মনোভাবই বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের উচ্চতর ধাপে পৌঁছে দেবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যবসা প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর কাজী মো. মোস্তফা জালাল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভলান্টিয়ারদের ভূমিকা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি মেলা বিশেষ করে ভর্তি কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা প্রদান, তথ্য সরবরাহ, প্রয়োজনীয় সাপোর্ট এবং সার্বিক সমন্বয় বজায় রাখতে ভলান্টিয়াররা যে নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে প্রশংসা করেছে। তাদের এই অবদান সফল ভর্তি কার্যক্রম নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানের শেষে ভলান্টিয়ারদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং অতিথিবৃন্দ সকল স্বেচ্ছাসেবীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সম্মানিত শিক্ষক জনাব তৌহিদ ইমাম নিবিড়।
