ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে “তথ্য অধিকার আইন ২০০৯” বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক “তথ্য অধিকার আইন ২০০৯” বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তথ্যভিত্তিক সমাজ ও প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। তিনি তাঁর বক্তব্যে তথ্য অধিকার আইনের গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে তরুণ প্রজন্মের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের এই আইন সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি মোঃ আখতারুজ্জামান। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেন যে, তথ্য অধিকার আইন নাগরিক ক্ষমতায়নের একটি কার্যকর হাতিয়ার এবং এ আইনের সঠিক প্রয়োগ একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের উন্নয়ন কাঠামোকে গতিশীল করতে তথ্যের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে তথ্য ব্যবস্থাপনা, সুশাসন ও প্রশাসনিক নীতি সম্পর্কে দক্ষ করতে বিশ্ববিদ্যালয় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইনের ব্যবহার, আবেদন প্রক্রিয়া, এবং প্রশাসনিক বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভের আহ্বান জানান।
এছাড়াও সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল-আমিন শাহীন, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন; জনাব মোঃ মোক্তার হোসেন এবং জনাব মোঃ শামীম আহমেদ।
ওরিয়েন্টেশন সেশনে টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান তথ্য অধিকার আইন ২০০৯-এর ধারাবর্ণনা, তথ্য পাওয়ার অধিকার, আবেদন পদ্ধতি এবং নাগরিক সুবিধা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। তাঁর উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব জয়দুল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ রোকন উদ্দিন।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
